
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে অবৈধভাবে এলপিজি গ্যাসের ‘ক্রস ফিলিং’ কার্যক্রম পরিচালনার অভিযোগে একটি গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানের খবর আগেই পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৩ আগস্ট) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদুরপাড়া এলাকার পুতুন তালুকদার বাড়ি এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধ গ্যাস ‘ক্রস ফিলিং’-এ ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি এবং প্রায় ৫০টি খালি এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কোনো বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করে তা অবৈধভাবে বাজারজাত করা হচ্ছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, অবৈধভাবে এলপিজি গ্যাস ‘ক্রস ফিলিং’ জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এ ধরনের কার্যক্রম যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।
তিনি জানান, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এছাড়া জব্দ করা খালি ও ভরা গ্যাস সিলিন্ডার সরকারি বিধি অনুযায়ী নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।