
টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে আবারও পানি বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীতে। এর ফলে নীলফামারীর ডিমলায় তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বাড়তে শুরু করায় তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করেছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। এর আগে সকাল ৬টাতেও পানি একই মাত্রায়, অর্থাৎ বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। একই সঙ্গে জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাও প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানান, তিস্তার পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, বুধবার সকাল ৬টা থেকেই তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাতের দিকে পানি কিছুটা কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।