
খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারের লক্ষ্যে ‘Her Vote, Her Seat’ শীর্ষক জাতীয় ক্যাম্পেইনের আওতায় জেলা পর্যায়ে দিনব্যাপী মিডিয়া ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) খুলনা নগরীর একটি অভিজাত হোটেলে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। জাতিসংঘের নির্বাচন সহায়তা কর্মসূচির (ব্যালট ও ড্রিপ) সহায়তায় এবং ইউএন উইমেনের কারিগরি সহযোগিতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (WADA) যৌথভাবে ক্যাম্পেইনটি বাস্তবায়ন করছে।
‘Her Vote, Her Seat’ ক্যাম্পেইনের অফিসার মো. আল-আমীন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WADA-এর ভারপ্রাপ্ত সিইও জ্যোতি মহলদার, নাগরিক ফোরাম খুলনার মহাসচিব এস এম ইকবাল হাসান তুহিন, জাগো ফাউন্ডেশন ট্রাস্টের ‘Her Vote, Her Seat’ প্রকল্পের প্রোজেক্ট ম্যানেজার মো. রাজভী হাসান এবং প্রশিক্ষক সিলমি সাদিয়া।
এ ছাড়া ক্যাম্পেইনের প্রোগ্রাম অর্গানাইজার ফয়সাল হাওলাদারসহ গণমাধ্যমকর্মী, স্থানীয় নেতা, রোল মডেল, ক্যাম্পেইন স্পোকসপারসন, যুব প্রতিনিধি, কমিউনিটি স্টেকহোল্ডার এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
ওরিয়েন্টেশনে নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্বের সুযোগ বৃদ্ধি, জেন্ডার-সংবেদনশীল ও দায়িত্বশীলভাবে সংবাদ ও বার্তা প্রচার, অনলাইন হয়রানি ও ভুল তথ্য মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন ক্যাম্পেইন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য ও সুযোগের সমান প্রবেশাধিকার, রাজনীতিতে নারীর দৃশ্যমান উপস্থিতি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অর্থবহ অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিভিন্ন সংগঠনের নির্বাহী প্রধান, নাগরিক ফোরামের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক ও যুব প্রতিনিধিরা অংশ নেন। তারা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করার বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
আয়োজকরা বলেন, নারীর রাজনৈতিক অংশগ্রহণকে আরও কার্যকর ও অর্থবহ করতে গণমাধ্যম, রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। গণমাধ্যমে নারীর নেতৃত্বের ইতিবাচক গল্প তুলে ধরার মাধ্যমে সমাজে নারীর রাজনৈতিক অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা সম্ভব।