
চট্টগ্রামের সাতকানিয়ায় প্রায় ৫ থেকে ৬ বস্তা দেশীয় চোলাই মদ উদ্ধারের পর উত্তেজিত জনতা তাতে আগুন দিয়েছে। এ সময় মদ পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গণপিটুনি দেওয়া হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান থেকে কেরানীহাটের দিকে দুটি সিএনজিচালিত অটোরিকশা যাচ্ছিল। বাজালিয়া ইউনিয়নের পশ্চিম বড়দুয়ারা এলাকা অতিক্রম করার সময় একটি অটোরিকশা থেকে ‘ডাকাত, অপহরণ করে নিয়ে যাচ্ছে’ বলে চিৎকার শোনা যায়। পরে স্থানীয় কয়েকজন যুবক ও গ্রাম পুলিশ দুটি মোটরসাইকেলে করে অটোরিকশা দুটির পিছু নেন।
একপর্যায়ে অটোরিকশা দুটি দস্তিদারহাট হয়ে ছদাহা সড়কের মিঠাদিঘী এলাকায় পৌঁছালে স্থানীয়রা একটি অটোরিকশা আটক করেন। পরে সেটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৫ থেকে ৬ বস্তা দেশীয় চোলাই মদ পাওয়া যায় বলে পুলিশ জানায়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত জনতা মদ পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গণপিটুনি দেয়। খবর পেয়ে সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উত্তেজিত জনতার একাংশ তিনজনকে পুলিশের কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে এসআই আরিফুল ইসলাম এক কনস্টেবলকে উদ্ধার করা মদের পাহারায় রেখে অন্য সদস্যদের সঙ্গে নিয়ে ওই তিনজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এর মধ্যে উত্তেজিত জনতার একটি অংশ মদের বস্তায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। পরে সেখান থেকে কিছু চোলাই মদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, এসআই আরিফুল ইসলাম পার্শ্ববর্তী একটি স্থান থেকে তিনজনকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেন। একই ঘটনায় চোলাই মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
এসআই আরিফুল ইসলাম বলেন, উত্তেজিত জনতা প্রথমে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তাদের নিরাপদে উদ্ধারের জন্য পুলিশ সদস্যরা অন্যত্র গেলে এ সময় জনতার একটি অংশ মদের বস্তায় আগুন ধরিয়ে দেয়। ঘটনায় তিনজনকে আটক এবং কিছু মদ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. মহিউদ্দিন বলেন, চিৎকার শুনে তারা অটোরিকশা দুটির পিছু নিয়েছিলেন। পরে জানতে পারেন, পেছনের অটোরিকশায় থাকা ব্যক্তিরা সামনের অটোরিকশা থেকে দেশীয় চোলাই মদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে সামনের অটোরিকশাটি স্থানীয়রা আটক করার পর পেছনের অটোরিকশায় থাকা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে চলে যান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, তিনজন আটক হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে উদ্ধার করা মদের পরিমাণ সম্পর্কে তিনি অবগত নন। ঘটনাস্থলে থাকা এসআই আরিফুল ইসলাম বিষয়টি বিস্তারিত বলতে পারবেন বলে জানান তিনি।