
সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এ ঢাকা লীগের বিদেশি খেলোয়াড় বুয়েটিংয়ের চার গোলের নৈপুণ্যে দাপুটে জয় পেয়েছে সদর উপজেলা একাদশ। তালা উপজেলা একাদশকে ৫-২ গোলে হারিয়ে সরাসরি সেমিফাইনালে উঠেছে তারা।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় সদর উপজেলা একাদশ ও তালা উপজেলা দল।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। ম্যাচের ১৪ মিনিটে সদর উপজেলা একাদশের শাহিনের লম্বা থ্রো থেকে বল পেয়ে বিদেশি খেলোয়াড় বুয়েটিং সরাসরি শটে গোল করে দলকে এগিয়ে দেন।
এর এক মিনিট পর, ১৫ মিনিটে তালা উপজেলা অধিনায়ক থেভেসের ভুল পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করেন বুয়েটিং। এতে সদর উপজেলা ২-০ গোলে এগিয়ে যায় এবং বুয়েটিংয়ের জোড়া গোল পূর্ণ হয়।
৩৫ মিনিটে তালা উপজেলা পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করে। শামিমের অ্যাসিস্ট থেকে বিদেশি খেলোয়াড় ইদ্রিসের হেডে গোলের চেষ্টা ব্যর্থ করে দেন সদর উপজেলার গোলরক্ষক জাহাঙ্গীর।
এরপর ম্যাচের ৪০ মিনিটে আবারও গোল করেন বুয়েটিং। ডি-বক্সে গোলরক্ষককে একা পেয়ে বল জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এতে সদর উপজেলা একাদশ ৩-০ গোলে এগিয়ে যায়।
তৃতীয় গোলের পর তালা উপজেলা দলের ম্যানেজমেন্টের সঙ্গে রেফারির কথা-কাটাকাটির ঘটনায় কিছু সময় খেলা বন্ধ থাকে। প্রায় ২০ মিনিট পর আবার খেলা শুরু হয়।
প্রথমার্ধের শেষদিকে সদর উপজেলার ডি-বক্সে শামিমকে অবৈধভাবে বাধা দেওয়ায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। তালা উপজেলার হয়ে ২ নম্বর জার্সিধারী বিদেশি খেলোয়াড় এ্যানিস পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন।
বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে তালা উপজেলা। তবে দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে নিজের চতুর্থ গোলটি করে সদর উপজেলা একাদশকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন বুয়েটিং।
ম্যাচের ৮৫ মিনিটে তালা উপজেলার বিদেশি খেলোয়াড় ইদ্রিস কর্নার কিক থেকে সরাসরি গোল করে ব্যবধান কমিয়ে ৪-২ করেন।
শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে বিদেশি খেলোয়াড় সিদ্দিকের গোলে ৫-২ ব্যবধানের জয় নিশ্চিত করে সদর উপজেলা একাদশ। এ জয়ের ফলে তারা সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেয়।
ম্যাচ পরিচালনা করেন রেফারি মুর্শিদি এলাহি বাবু। সহকারী রেফারি ছিলেন মোজাফফর হোসেন সোহাগ ও ইলিয়াস হোসেন। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন জাফরুল হক শাম্মু চৌধুরী।
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে দেবহাটা উপজেলা একাদশের মুখোমুখি হবে আশাশুনি উপজেলা দল।
এর আগে শ্যামনগর উপজেলা একাদশ ২-১ গোলে কলারোয়া উপজেলা একাদশকে এবং কালিগঞ্জ উপজেলা দল ৩-০ গোলে সাতক্ষীরা পৌরসভা ফুটবল দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।