
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ‘অসামাজিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার। এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনী পৌরসভা এলাকার রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে হোটেলটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮ নারীসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—চাটেখেলর তালতলা গ্রামের আবু নাছের শরীফ (৬৩), চট্টগ্রামের মিরসরাই এলাকার মো. ইমন হোসেন (৩২), চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার মো. হানিফ (৩৫), ৬ নম্বর ওয়ার্ডের সাফায়েত হোসেন সাকিব (২৭), বরিশালের বড় জালিয়া গ্রামের রিনা বেগম (৩৪), সুনামগঞ্জের লালপুর গ্রামের স্নেহা আক্তার (২১), ঢাকার যাত্রাবাড়ীর মাইশা আক্তার (১৮), সুধারাম থানার সল্যা সোনাপুরের ইসরাত জাহান পূর্ণিমা (১৮), নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফাতেমা আক্তার নুসরাত (১৮) ও জান্নাতুল ফেরদৌস মারিয়া (১৮), বেগমগঞ্জের হাজীপুর গ্রামের মরিয়ম আক্তার (৩০) এবং নওগাঁর বদলগাছি গ্রামের মিম আক্তার (২৮)।
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে।
তবে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের দোষী হিসেবে গণ্য করা যাবে না।