
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২২ আগস্ট) ইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, যেহেতু ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে, তাই আইন ও বিধি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনও সামনে রয়েছে। এ কারণে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেওয়া হবে না। দ্রুত নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। এ-সংক্রান্ত চিঠি সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়েছে।
এখন নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর উপনির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে।