
সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউড়েরগর এলাকা থেকে ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল, ছয় বস্তা ফুচকা ও নয় বস্তা রসুন জব্দ করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগর পূর্বপাড়ায় আসাদ মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা লাউড়েরগর গ্রামের আসাদ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় তার বসতঘর থেকে ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল, ছয় বস্তা ফুচকা ও নয় বস্তা রসুন দেখতে পান তারা।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় মাদক নির্মূল কমিটির সদস্য ও স্থানীয়রা জব্দ করা মালামাল পুলিশের কাছে হস্তান্তর করেন।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কথিত মাদক কারবারি আসাদ মিয়া পালিয়ে যান বলে জানা গেছে।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নির্মূল কমিটির কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল, ছয় বস্তা ফুচকা ও নয় বস্তা রসুন জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।