
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র (কেভিএসি) চালু করতে যাচ্ছে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর থেকে রাজধানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ারে কেন্দ্রটির কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
দূতাবাস জানিয়েছে, কেভিএসি চালুর পর থেকে সাধারণ ভিসার আবেদন গ্রহণ এবং পাসপোর্ট ফেরত দেওয়ার কার্যক্রম শুধু এই কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত হবে।
তবে কূটনৈতিক নোটের মাধ্যমে নিশ্চিত হওয়া কূটনৈতিক ও সরকারি ভিসার আবেদন গ্রহণ এবং সংশ্লিষ্ট পাসপোর্ট বিতরণ আগের মতো সরাসরি দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকেই করা হবে।
নতুন ব্যবস্থায় সাধারণ ভিসার আবেদনকারীদের প্রথমে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এরপর নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কেভিএসির মাধ্যমে ভিসার আবেদন জমা দিতে হবে।
অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার তারিখ ও পদ্ধতিসহ বিস্তারিত তথ্য দূতাবাস বৃহস্পতিবার (২৭ আগস্ট) পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে।
তবে নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংক্রান্ত সেবা আগের মতোই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দূতাবাস আরও জানিয়েছে, কেভিএসির আনুষ্ঠানিক উদ্বোধন, কার্যক্রমের সময়সূচি, অনলাইন অ্যাপয়েন্টমেন্টের পদ্ধতি, ভিসা আবেদনের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি-সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে।
ভিসা আবেদনকারীদের নতুন নিয়মে আবেদন করার আগে দূতাবাসের পরবর্তী বিজ্ঞপ্তি অনুসরণ করে সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।