
কাপ্তাই হ্রদে পানির উচ্চতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার পরিবর্তে রাত ৮টায় প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, স্পিলওয়ের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। গেট খোলার সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
এর আগে শনিবার দুপুরে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, হ্রদে পানির সঞ্চয় ক্রমাগত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ১৮ জুলাই প্রথম ধাপে বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছিল। পরে পানির উচ্চতা কমে যাওয়ায় ২৩ জুলাই গেটগুলো বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের সচল পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। ফলে স্পিলওয়ে ও বিদ্যুৎ উৎপাদন—দুই মাধ্যম মিলিয়ে প্রতি সেকেন্ডে মোট প্রায় ৪১ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।