
ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরে পৃথক দুটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার বেলা সাড়ে ৪টায় কুষ্টিয়া বড় বাজার সার্বজনীন পূজা মন্দিরের সামনে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। বড় বাজার সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ সাহা এবং সাধারণ সম্পাদক, কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য উত্তম কুমার সাহার নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়।
শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত এই মঙ্গল শোভাযাত্রায় কুষ্টিয়া মহাশ্মশান কমিটি, থানাপাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটি, শিব শক্তি পূজা মন্দির কমিটি, মিলপাড়া, মিললাইন ধুপাপাড়া এবং বাড়াদি জগমোহন সার্বজনীন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক-এনএস রোড, সিঙ্গার মোড়, আমলাপাড়া, রাজারহাট আড়ুয়াপাড়া ও মিলপাড়া প্রদক্ষিণ করে কুষ্টিয়া মহাশ্মশানে গিয়ে শেষ হয়।
অপরদিকে, ‘ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মবার্ষিকী’ উপলক্ষে কুষ্টিয়া জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরের সামনে থেকে অপর একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটির শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। কুষ্টিয়া জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক রতন কুমার পাল, যুগ্ন আহবায়ক সুভাষ চন্দ্র রায়, সদস্য সচিব ডাঃ পিকে সাহা ও কুষ্টিয়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক হ্যাপি সাহা । উদ্বোধনকালে জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা দুটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে হাজারো ভক্তের উপস্থিতি ও বাদ্যযন্ত্রের ধ্বনিতে পুরো শহর উৎসবের নগরীতে পরিণত হয়। বিশ্ব শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনায় এ দিনের আয়োজনসমূহ সমাপ্ত হয়।