
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘তালাশ’ টিমের কার্যক্রম বন্ধের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গণস্বাস্থ্য হোমিও টিম ও পরিবারের সদস্যরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজিত কর্মসূচিতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ‘তালাশ’ টিমের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ, হয়রানিমূলক মামলা এবং চাঁদা দাবির অভিযোগ তুলে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
আয়োজকদের অভিযোগ, গণস্বাস্থ্য হোমিও এবং ডা. এস এম সরওয়ারের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কথা বলে ‘তালাশ’ টিমের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। দাবি পূরণ না করায় সুনাম ক্ষুণ্ণ করতে মিথ্যা ও অসত্য তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে যথাযথ তদন্ত ও তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা উচিত। তাছাড়া চাঁদাবাজি, মিথ্যা তথ্য প্রচার বা হয়রানির অভিযোগ থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ সময় গণস্বাস্থ্য হোমিও ও ডাঃ এস এম সরওয়ারকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়েও তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন আয়োজকরা।
কর্মসূচিতে গণস্বাস্থ্য হোমিও টিমের সদস্য, পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।