
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের একটি লিফটের কন্ট্রোল রুমে আগুনের সূত্রপাত হয়। এ সময় ওয়ার্ডে ভর্তি শিশুসহ ছয়জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের রোগী, স্বজন, চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, লিফটের কন্ট্রোল রুমে অতিরিক্ত তাপের কারণে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে হাসপাতালের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং চিকিৎসাসেবা কার্যক্রমও সচল আছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে।