মো. সাহাবুদ্দিন–এর দুই পর্বের সাক্ষাৎকার প্রকাশ করেছে একটি গণমাধ্যম। এতে গণ-অভ্যুত্থানের পর সরকার গঠন এবং অন্তর্বর্তী সরকারের সময়কার নানা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।
৫ আগস্টের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেদিন রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান।
সাক্ষাৎকার প্রকাশের পর রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ৫ আগস্টের ঘটনার বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছু গোপন করেছেন।
তিনি বলেন, ‘৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে তিনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরে জাতির উদ্দেশে যা জানিয়েছিলেন, বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি।’
জামায়াত আমির আরও বলেন, ‘এখন যা বলছেন, সেদিন তার কিছুই তিনি বলেননি। কোটি কোটি মানুষ যা শুনেছে এবং সেদিন তিনি যা বলেছিলেন—এর সঙ্গে এখনকার বক্তব্যের মিল কোথায়?’
তার মতে, রাষ্ট্রপতির বক্তব্যে অসঙ্গতি থাকলে তার ব্যাখ্যা দেওয়া উচিত। তিনি বলেন, ‘কোটি কোটি মানুষ যা শুনল, সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন—এর হিসাব রাষ্ট্রপতিকে জাতির কাছে দিতে হবে। জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়