কচুয়া উপজেলার দোয়াটি গ্রামে এক যুবককে রাতের আঁধারে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। নিহত শাকির হোসেন (৩৫) দোয়াটি হাজি বাড়ির বাসিন্দা। তিনি মৃত ছালামত ও শাহারা বেগমের ছেলে।
পরিবারের অভিযোগ, মধ্যরাতে শাকির হোসেনকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে তাকে চোর সন্দেহে অপবাদ দিয়ে স্থানীয় কয়েকজন মিলে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহতের ভাবি রেবেকা বেগম ও মেয়ে তানজিলা বেগম জানান, বিকাশ সরকারের নেতৃত্বে স্থানীয় কয়েকজন তাকে চোর সন্দেহের কথা বলে পিটিয়ে হত্যা করেছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
নিহতের মা শাহারা বেগম বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। আটকরা হলেন দোয়াটি সরকার বাড়ির হারাধন চন্দ্রের ছেলে বিকাশ সরকার এবং তার কর্মচারী সুরাব হোসেন।
কচুয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়