বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত রাজশাহীতে দীর্ঘদিন পর আসছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে শুধু বিএনপি নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।
সফরসূচি অনুযায়ী, তারেক রহমান দুপুর সাড়ে ১২টায় রাজশাহীতে পৌঁছাবেন। এরপর দুপুর দেড়টায় হযরত শাহমখদুম রূপোষ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। দুপুর দুইটায় ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের জনসভায় ভাষণ দেওয়ার পর তিনি নওগাঁ ও বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন।
রাজশাহীর জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩টি সংসদীয় আসনের নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণের কথা রয়েছে। আয়োজকদের দাবি, কয়েক লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে, যা রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হবে।
বিএনপি নেতারা জানিয়েছেন, তারেক রহমান তার ভাষণে রাজশাহী অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্যে রয়েছে—মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, বয়োজ্যেষ্ঠদের জন্য হেলথ কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, তরুণদের কর্মসংস্থানে আইটি প্রকল্প, বিশেষায়িত ইপিজেড স্থাপন এবং হারিয়ে যাওয়া রেশম শিল্প পুনরুজ্জীবনের উদ্যোগ।
দীর্ঘ সময় পর দলীয় প্রধানের আগমন ঘিরে রাজশাহীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জনসভাকে কেন্দ্র করে মঞ্চ নির্মাণসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। প্রায় দুই দশক পর তার এই সফর রাজশাহীর রাজনীতিতে নতুন প্রত্যাশা ও নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়