1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

ভারতের আগরতলা ও গুয়াহাটিতে বাংলাদেশ মিশনের ভিসা ও কনস্যুলার সেবা সাময়িক বন্ধ

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির পর এবার উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনেও সাময়িকভাবে কনস্যুলার সেবা ও ভিসা প্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে।

এ বিষয়ে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত আগামীকাল ২৩ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহকারী হাইকমিশন, আগরতলাতে সকল প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসামের গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ মিশনেও। নাম প্রকাশে অনিচ্ছুক আগরতলা ও গুয়াহাটি মিশনের দুই কর্মকর্তা জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণেই এই দুই মিশনে ভিসার আবেদন গ্রহণ ও প্রদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এর আগে একই কারণে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রও সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার বিকেলে শিলিগুড়ির ওই ভিসা সেন্টারে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ভিসা সেন্টারের একটি সাইনবোর্ড ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এছাড়া সেখানে কর্মরতদের ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকিও দেওয়া হয়। এর পরপরই ভিসা সেন্টার পরিচালনার দায়িত্বে থাকা স্বতন্ত্র সংস্থা ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’ শিলিগুড়ি ভিসা আবেদন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

এদিকে, এর আগেও একই ধরনের কারণে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!