সরকার কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে নাসিমুল গনি জানান, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। এর লক্ষ্য দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করা।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক-এর তথ্যমতে, সরকারি বাণিজ্যিক, বিশেষায়িত এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের সুদসহ প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা পাওনা রয়েছে, যা এই মওকুফের আওতায় পড়বে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এ সিদ্ধান্তে প্রায় ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন। এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ঋণের দায় থেকে মুক্ত হয়ে নতুন উদ্যমে চাষাবাদ করতে পারবেন এবং কৃষি উৎপাদনও বাড়বে।
তিনি আরও বলেন, ঋণের কিস্তি বাবদ যে অর্থ ব্যয় হতো, তা কৃষকরা উন্নত মানের বীজ ও আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। পাশাপাশি ঋণমুক্ত হওয়ার ফলে তাদের ক্রেডিট রেকর্ড ভালো হবে এবং ভবিষ্যতে ব্যাংক থেকে স্বল্প সুদে কৃষি ঋণ নেওয়ার সুযোগও বাড়বে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়