চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি সংস্থা ডিপি ওয়ার্ল্ডকে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদে রোববার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের আহ্বান করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, চার দফা দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে। দাবিগুলো হলো— এনসিটি ইজারা প্রক্রিয়া বাতিল, বন্দর চেয়ারম্যান এসএম মনিরুজ্জামানকে প্রত্যাহার, আগের আন্দোলনে কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া বদলি ও শাস্তিমূলক ব্যবস্থা বাতিল করে স্বপদে পুনর্বহাল এবং আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা ও অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণ না করা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর, ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. হারুণ, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, কার্যকরী সভাপতি আবুল কাসেম, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সমন্বয়ক ইয়াসিন রেজা রাজু, জাহিদ হোসেন, মো. হারুন, উইন্সম্যান সমিতির ইমাম হোসেন খোকন ও শরীফ হোসেন ভুট্টো।
উল্লেখ্য, এনসিটি ইজারা ইস্যুতে গত ৩১ জানুয়ারি শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন আট ঘণ্টা করে ধর্মঘট পালন করা হয়। এরপর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত টানা কর্মবিরতি চলে, যার ফলে বন্দর থেকে আমদানি-রপ্তানি পণ্য ডেলিভারি বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার সকালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দরে এসে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তার আশ্বাসে শুক্র ও শনিবার দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়। তবে দাবি পূরণ না হলে ফের ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছিল।