ঢাকা-৮ আসনের শপথ স্থগিত রাখার আবেদন করেছেন ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
ভোটে কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাবের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার বরাবর গত শনিবার লিখিত আবেদন করেন তিনি। রোববার (১৫ ফেব্রুয়ারি) তাঁর পক্ষে নির্বাচন কমিশনে আবেদনটি জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম।
আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১ দফায় ১২টি কেন্দ্রের অনিয়মের তথ্য তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ঢাকা-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তাঁর নেতা-কর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা এবং বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করার মতো নানা অনিয়মে জড়িত ছিলেন।
তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও আসনের রিটার্নিং কর্মকর্তাও অনিয়মে জড়িয়ে পড়েন। কারচুপি ও অনিয়মের মাধ্যমে তাঁকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি এই দরখাস্তের মাধ্যমে কারচুপি ও অনিয়মের বিষয় নির্বাচন কমিশনের নজরে আনছেন এবং আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়