সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে তিনি সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।
দিবসটি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান। তিনি জানান, বিএনপি চেয়ারপার্সন তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী অনুষ্ঠানে যোগদানের সম্মতি দিয়েছেন।
গত বছর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অংশগ্রহণই ছিল দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়ার প্রথম প্রকাশ্য কর্মসূচি। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরে অংশ নিয়েছিলেন তিনি, যা ছিল তার শেষ জনসমাগমের কর্মসূচি।
এবারের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছাড়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের একাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়