চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোয়ালভাওর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি অটোপার্টসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী নজরুল ইসলাম।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে গোয়ালভাওর বাজারের পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান নাজিম অটো পার্টসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ফরিদগঞ্জ ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দোকানে থাকা কোনো মালামালই উদ্ধার করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজরুল ইসলাম বুধবার (১৮ ফেব্রুয়ারি) বলেন, আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। রাত ১০টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি যান। গভীর রাতে মোবাইল ফোনে খবর পেয়ে এসে দেখেন, সারা জীবনের সঞ্চয় ও বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণ দিয়ে গড়ে তোলা তার ব্যবসা প্রতিষ্ঠানটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শত চেষ্টা করেও কিছুই রক্ষা করা যায়নি। তিনি এখন কীভাবে ব্যবসা পুনরায় শুরু করবেন এবং সংসার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গোয়ালভাওর বাজারে এত বড় অটোপার্টসের দোকান আর নেই। দোকানটিতে বিপুল পরিমাণ যন্ত্রাংশ মজুদ ছিল এবং বাজারের অধিকাংশ ক্রেতা উপজেলা সদরে না গিয়ে এখান থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতেন। এ ঘটনায় স্থানীয়দের ভোগান্তি বাড়বে বলে তারা আশঙ্কা করছেন।
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কামরুল ইসলাম জানান, দোকানে বিপুল পরিমাণ অটোপার্টস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






