ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দেশটির বিভিন্ন সরকারি ও আধা-সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
রোববার (১ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা Tasnim News Agency ও Fars News Agency খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। একই তথ্য প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম Islamic Republic of Iran Broadcasting।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার মধ্যেই খামেনি নিহত হন। হামলায় তার মেয়ে, জামাতা ও এক নাতিও নিহত হয়েছেন বলে জানানো হয়। এ তথ্য জানিয়েছে Al Jazeera।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি সকালে জানায়, “ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।” অন্যদিকে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র ও ‘জায়নিস্ট শাসন’ হিসেবে উল্লেখ করা ইসরায়েলের যৌথ হামলায় ইসলামী বিপ্লবের নেতা খামেনি নিহত হন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির মৃত্যুর দাবি করলেও প্রথমে তা নাকচ করেছিল তেহরান। তবে কয়েক ঘণ্টা পর দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমই সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করে।





