1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

মোস্তাফিজ ইস্যুতে বিশ্বকাপেও অনড় বিসিবি, ভারতে খেলবে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিষয়টি ক্রমেই বড় আকার ধারণ করছে। গত শনিবার আইপিএল থেকে তাকে বাদ দেওয়ার পর থেকেই শুরু হয়েছে ব্যাপক তর্ক-বিতর্ক। এর প্রভাব পড়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরেও। লিগপর্বে টাইগারদের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, নিরাপত্তাজনিত কারণে সেখানে খেলবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমে আইসিসিকে তিনটি বিষয়ে চিঠি দেওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত একটি দাবিতেই সীমাবদ্ধ থাকে বিসিবি। রোববার (৪ জানুয়ারি) দুপুরে বোর্ডের ১৭ জন পরিচালক এক জরুরি বৈঠকে মিলিত হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন সিদ্ধান্ত নেন। ওই বৈঠক শেষে বিসিবির শীর্ষ একজন পরিচালক নিশ্চিত করেন, ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের কোনো ম্যাচেই বাংলাদেশ দল অংশ নেবে না।

আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি জানায়, ‘নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়।’ সে কারণেই ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের জন্য আবেদন করা হয়েছে। উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। এর আগে ভারতের সঙ্গে বিরোধের জেরে পাকিস্তানের সব ম্যাচই শ্রীলঙ্কার ভেন্যুতে নির্ধারিত করা হয়েছিল।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। একই গ্রুপে রয়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া নেপাল ও ইতালিও রয়েছে গ্রুপটিতে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনে। একই ভেন্যুতে পরবর্তী দুই ম্যাচে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড ও ইতালি। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশের।

এদিকে, আইসিসির কাছে আগেই বিশ্বকাপের স্কোয়াড পাঠিয়েছিল বিসিবি। রোববার আনুষ্ঠানিকভাবে সেই দল ঘোষণা করা হয়েছে। প্রত্যাশিতভাবেই টাইগারদের অধিনায়ক হিসেবে আছেন লিটন দাস, আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান। তবে উইকেটকিপার জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন দলে জায়গা ধরে রাখতে পারেননি। ফর্মে থাকলেও দলে সুযোগ পাননি নাজমুল হোসেন শান্ত, যিনি বিপিএলের প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দিয়ে আলোচনায় রয়েছেন।

এ ছাড়া বল হাতে ভালো ফর্মে আছেন রিপন মন্ডল ও আলিস ইসলাম। বিপিএলে পারফর্ম করা ক্রিকেটারদের দিকেও নজর রাখছেন নির্বাচকরা। সে কারণে ঘোষিত প্রাথমিক দলে যৌক্তিক কারণ ছাড়াই পরিবর্তন আনার সুযোগ রয়েছে বিসিবির। এই পরিবর্তনের সময়সীমা থাকছে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। এর পর কোনো পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!