1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির ব্যানার–পোস্টার অপসারণ শুরু

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর নয়াপল্টনসহ সারাদেশে ব্যানার ও পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করেছে দলের নেতাকর্মীরা। তিন দিনের মধ্যেই এসব ব্যানার–পোস্টার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দলটির চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে টানানো ব্যানার–পোস্টার আপাতত অপসারণ করা হচ্ছে না বলে জানিয়েছে বিএনপি।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৈঠক শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে ব্যানার–পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। এদিন নয়াপল্টনে এই কার্যক্রমের নেতৃত্বও দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবীন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, ছাত্রদলের রাজু আহমেদ ও ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ব্যানার ও পোস্টার রাজনৈতিক মতপ্রকাশের একটি মাধ্যম হলেও এগুলোর কারণে শহরের সৌন্দর্য ও নান্দনিকতা নষ্ট হচ্ছে এবং জনজীবনে নানা ধরনের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ব্যানার–পোস্টার লাগাতে গিয়ে যেন কারও অধিকার ক্ষুণ্ন না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কার্যক্রম শুরু করেছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের ব্যানার–পোস্টার হয়তো আরও কয়েকদিন থাকবে।

রিজভী জানান, ইতোমধ্যে বৈঠকের মাধ্যমে দায়িত্ব বণ্টন করা হয়েছে। কোনো কর্মসূচি শেষ হলে সংশ্লিষ্ট ব্যানার–পোস্টার নিজ উদ্যোগে সরিয়ে ফেলার সংস্কৃতি গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, তিন দিনের মধ্যেই সারাদেশে সব ব্যানার ও পোস্টার অপসারণ করা সম্ভব হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!