1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি, দ্রুত সিদ্ধান্তের আশ্বাস আইসিসির

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ অবস্থান পরিবর্তনে আইসিসির প্রতিনিধি দল ব্যর্থ হলেও দ্রুত সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে চূড়ান্ত আলোচনা করতে শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশে আসে আইসিসির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিসিবি নিজেদের অবস্থানে অনড় থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে।

এদিন আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ সদস্যের প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিসিবি জানায়, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তারা বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি নয়। বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছে আইসিসি।

বিসিবি ইতোমধ্যে আইসিসিকে চিঠি দিয়ে বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ আয়োজন বা সেখানে বাংলাদেশ দলের ম্যাচ আয়োজনের আবেদন জানিয়েছে। তবে কয়েক দফা আলোচনার পরও বিসিবির এই অনড় অবস্থান পরিবর্তনে আইসিসি সফল হয়নি। বিষয়টি নিয়েই চূড়ান্ত আলোচনার জন্য আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসে।

এর আগে শুক্রবার বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু স্পষ্টভাবে জানিয়েছিলেন, বোর্ড তাদের অবস্থান থেকে একটুও সরে আসবে না। বিপিএলের একটি ম্যাচ দেখতে এসে তিনি বলেন, ক্রিকেট বোর্ড ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আইসিসির আলোচনা হবে, তবে বাংলাদেশের অবস্থান পরিষ্কার—ভারতে দলের নিরাপত্তা নিশ্চিত নয়। শুধু খেলোয়াড় নয়, সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শনিবারের বৈঠকেও বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে একই অবস্থান তুলে ধরা হয়। ফলে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ এখন অনেকটাই আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে বিসিবি আশা করছে, এই বৈঠকের ফলাফল বাংলাদেশের পক্ষে ইতিবাচক হবে এবং শিগগিরই আইসিসি এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!