২০২৬ সালের হজকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে ব্যাপক প্রযুক্তিগত রূপান্তর আনছে সৌদি আরব সরকার। হাজিদের নিরাপত্তা, পরিচয় নিশ্চিতকরণ ও সেবা সহজীকরণে দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দেশটি— বাধ্যতামূলক স্মার্ট ই-ব্রেসলেট চালু এবং মসজিদুল হারামে অতিরিক্ত এক হাজার নজরদারি ক্যামেরা স্থাপন।
গালফ নিউজের তথ্য অনুযায়ী, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী হজ থেকে প্রত্যেক হাজিকে ‘ই-ব্রেসলেট’ পরিধান করতে হবে। এই ইলেকট্রনিক ব্রেসলেটে হাজির পাসপোর্ট, ভিসা, আবাসনসহ সকল ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকবে, যা জরুরি মুহূর্তে পরিচয় শনাক্তকরণকে সহজ ও দ্রুত করবে।
এ ছাড়া ব্রেসলেটটিতে থাকবে—
হাজির স্বাস্থ্য অবস্থা ও পূর্ববর্তী চিকিৎসা ইতিহাস
রিয়েল-টাইম জিপিএস লোকেশন
নামাজের সময়সূচি
হজের রোকন পালনের বহুভাষী নির্দেশিকা
ওয়াটার-রেসিস্ট্যান্ট এই স্মার্ট ডিভাইসটি ওজু বা ভিড়েও নষ্ট হওয়ার ঝুঁকি কম। হাজিদের চলাচল, সেবা ও নিরাপত্তায় এটি বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বাড়াতে মসজিদুল হারাম প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে আরও এক হাজার অত্যাধুনিক নজরদারি ক্যামেরা। বিশেষ নিরাপত্তা বাহিনী ২৪ ঘণ্টা এসব ক্যামেরা মনিটর করে পুরো এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
২০১৫ সালে মিনায় মর্মান্তিক পদদলিত হয়ে বহু হাজির প্রাণহানির পর থেকে সৌদি সরকার ধারাবাহিকভাবে হজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারে জোর দিয়ে আসছে। ২০২৬ সাল সেই উদ্যোগকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়