শেরপুরে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম মারা গেছেন। শেরপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বুধবার (২৮ জানুয়ারি) রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। একই তথ্য নিশ্চিত করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল।
জানা গেছে, বুধবার বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসারের আয়োজনে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে ৫০ জনের বেশি জামায়াত সমর্থক আহত হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম মারা যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে প্রশাসন জানিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়