রাজধানীর মিরপুরে প্যারিস রোডে সিটি করপোরেশনের পরিত্যক্ত একটি মার্কেটের নিচতলা থেকে মাথা থেঁতলানো অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিকে দুই দিন আগে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, মিরপুরের প্যারিস রোডে অবস্থিত ছয়তলা সিটি করপোরেশন মার্কেটটি দীর্ঘদিন ধরে, প্রায় এক দশকের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা মার্কেটের নিচতলায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেন।
এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, “আমি লাশটি দেখে ৯৯৯-এ কল দিই। পুলিশ এসে প্রথমে সেনাবাহিনীর জন্য অপেক্ষা করে। পরে সেনাবাহিনী এলে যৌথভাবে ভেতরে টিম পাঠিয়ে সার্চ করে নিশ্চিত হয় যে সেটি মানুষের মরদেহ।”
পুলিশ জানায়, নিহত যুবকের নাম সুমন। তিনি মিরপুরের একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। গত ১২ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমগীর জাহান বলেন, “নিহত সুমনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। ঘটনার বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। আশা করছি, অল্প সময়ের মধ্যেই বিস্তারিত তথ্য উদঘাটন করা সম্ভব হবে।”
হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে নিহতের আত্মীয়স্বজন ছুটে আসেন। তারা জানান, সুমনের সঙ্গে কারো শত্রুতা ছিল না।
নিহতের এক স্বজন বলেন, “সারারাত পরিবারের লোকজন তাকে ফোন করেছেন, কিন্তু তিনি কল রিসিভ করেননি। ভোররাত সোয়া চারটার দিকে তার ফোন বন্ধ হয়ে যায়। এরপর থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করি।”
স্বজনদের দাবি, সুমন খুবই নিরীহ ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন।
এদিকে এলাকাবাসী জানান, এর আগেও একাধিকবার এই পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেট এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।