তারেক রহমান ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে দলের পক্ষ থেকে রেজাউল করিম বাদশাকে প্রার্থী করা হয়েছে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে জয়ী হন।
আইন অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারলেও সংসদ সদস্য হিসেবে থাকতে পারেন একটি আসন থেকে। সেই বিধান অনুযায়ী তিনি ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।