
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রধানদের ভাষণ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভিকে চিঠি দিয়েছে ইসি।
ইসি সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ আগামী ৯ ফেব্রুয়ারি বিটিভিতে প্রচারিত হতে পারে। পাশাপাশি জামায়াতে ইসলামী ও এনসিপির প্রধান বা প্রতিনিধির ভাষণও প্রচারের পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আসাদুল হক জানান, বিএনপি ছাড়াও জামায়াত ও এনসিপির পক্ষ থেকে ভাষণ প্রচারের আবেদন করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ বিষয়ে বিটিভির মহাপরিচালকের কাছে চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব প্রার্থীর জন্য সমান প্রচারের সুযোগ নিশ্চিত করা জরুরি। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী লিখিত আবেদন পাওয়ার ক্রমানুসারে বিটিভিতে দলীয় প্রধানদের জন্য নির্ধারিত স্লট বরাদ্দ দেওয়া হবে।
ইসি কর্মকর্তারা জানান, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি দল। কোন দলের ভাষণ কখন প্রচারিত হবে সে বিষয়ে শিগগিরই সূচি জানানো হবে। ভোটের আগে প্রচারের শেষ সময় ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা হওয়ায় ৯ ও ১০ ফেব্রুয়ারির মধ্যেই ভাষণ প্রচার শেষ করার পরিকল্পনা রয়েছে।
বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, দলীয় প্রধানদের ভাষণ সম্প্রচারের বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে। প্রার্থী সংখ্যা বেশি এমন প্রধান দলগুলোর বিষয়টি বিশেষভাবে বিবেচনায় আসতে পারে বলেও জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়
Leave a Reply