1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

জাতীয় নির্বাচন ও গণভোটের প্রচার শেষ, ভোট দুদিন পর

মিডিয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

আর মাত্র দুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ করার নিয়মে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শেষ হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার মধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার বন্ধ করতে হবে।

ইসি কর্মকর্তারা জানান, এবারের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়। সে অনুযায়ী প্রচারণার জন্য গত ২২ ডিসেম্বর থেকে মোট ২০ দিনের সময় পেয়েছিলেন প্রার্থীরা।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তবে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী সংখ্যা দুই হাজার ৩৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে ২৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীক নিয়ে ২৫৮ জন, জামায়াতে ইসলামী ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে ২২৯ জন এবং জাতীয় পার্টি ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে ১৯৮ জন প্রার্থী দিয়েছে।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩২ জন প্রার্থী ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ‘ফুটবল’ প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!