দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া-র রাজধানী লা পাজ-এর কাছে জাতীয় মুদ্রা বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানান, নতুন ছাপানো বলিভিয়ান বলিভিয়ানো বহনকারী বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ রাজধানীর কাছের এল আলতো বিমানবন্দরের দিকে যাচ্ছিল।
অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে সরে গিয়ে পাশের মহাসড়কে বিধ্বস্ত হয় এবং কয়েকটি যানবাহনের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিমানবন্দরের ফায়ার সার্ভিস প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানান, দুর্ঘটনাস্থল থেকে অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন বিমানটির যাত্রী এবং কতজন সড়কের গাড়িতে ছিলেন—তা এখনও নিশ্চিত করা যায়নি।
বলিভিয়ার বিমান বাহিনীর কর্মকর্তা সার্জিও লোরা জানান, কার্গো বিমানটিতে মোট ৬ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি দু’জন এখনও নিখোঁজ।
তিনি আরও জানান, বিমানটি পূর্বাঞ্চলীয় শহর সান্তা ক্রুজ থেকে এল আলতো শহরের দিকে যাচ্ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়