1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

অপারেশন টেবিলে নারীর মৃত্যু, মেহেরপুরে ক্লিনিকে ভাঙচুর ও চিকিৎসক আহত

মিম সিনহা, প্রতিনিধি, মেহেরপুর
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

মেহেরপুরে একটি বেসরকারি ক্লিনিকে অপারেশনের সময় নাছিমা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকে ভাঙচুর চালিয়ে দুই চিকিৎসককে মারধর করেছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা নাছিমা খাতুন অপারেশনের জন্য সন্ধ্যায় মেহেরপুর ক্লিনিকে ভর্তি হন। অস্ত্রোপচারের প্রস্তুতি নেন ডা. মিজানুর রহমান ও তার ছেলে ডা. মুশফিকুর রহমান অভি। অপারেশন থিয়েটারে নেওয়ার কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে অপারেশন টেবিলেই তার মৃত্যু হয়।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে ওঠেন। তারা চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে ক্লিনিকে ভাঙচুর করেন এবং দুই চিকিৎসককে মারধর করেন। এতে আহত হন ডা. মিজানুর রহমান ও ডা. মুশফিকুর রহমান অভি।

খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত দুই চিকিৎসককে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলার কারণেই নাছিমা খাতুনের মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে তারা থানায় লিখিত অভিযোগ দিতে রাজি নন।

অভিযোগ অস্বীকার করে ডা. মিজানুর রহমান বলেন, “আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। রোগীর চিকিৎসায় কোনো অবহেলা ছিল না। অপারেশন থিয়েটারে নেওয়ার পর ভয়ে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।”

মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেহেদি হাসান দিপু বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!