নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। তাকে জরুরি বিভাগ থেকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে দলটি।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত পৌনে দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন।
তিনি জানান, মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থা বর্তমানে ভালো ও স্থিতিশীল। ইমার্জেন্সি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। এ সময় তার কোনো ব্যথা নেই এবং ভাইটাল সাইন প্রায় স্বাভাবিক পর্যায়ে রয়েছে।
তানভীর ইসলাম আরও বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আপাতত একদিন পর্যবেক্ষণে রাখা হবে। আগামীকাল (শনিবার) আরও কয়েকটি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
এদিকে মাহমুদুর রহমান মান্না সবার কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।
এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে মাহমুদুর রহমান মান্নাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে রাত সোয়া ১২টার দিকে নাগরিক ঐক্যের সদস্য সাকিব আনোয়ার জানান, ‘মান্না ভাই বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে রয়েছেন। চিকিৎসকরা বেশ কয়েকটি পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার ফলাফল পাওয়ার পর পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়