1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শেরপুরের সংঘর্ষ অসহিষ্ণুতা ও আস্থাহীনতার ইঙ্গিত দেয়: জামায়াত আমির শফিকুর রহমান

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে অসহিষ্ণুতা ও জনগণের ওপর আস্থাহীনতার ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা। এই ঘটনা ইঙ্গিত করে জনগণের ওপর আস্থা নাই। এই ঘটনা ইঙ্গিত করে—অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না।”

এ ঘটনায় নির্বাচনী ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, “আমরা আমাদের কনসার্ন জানিয়েছি, প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার ও জনগণের অধিকার নিয়ে কাউকে আর টানাটানি করার সুযোগ দেব না।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর পানির ট্যাংকি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন জামায়াত আমির। এ উপলক্ষে তার নিজ নির্বাচনী আসন ঢাকা-১৫-এর প্রধান নির্বাচনী কার্যালয় এবং জামায়াতের ডিজিটাল প্রচারণার জন্য ‘মাল্টিমিডিয়া বাস’ উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, গত বুধবার বিকেলে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ার দখল নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে জামায়াতের এক নেতা নিহত হন। নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন এবং তিনি ফতেহপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন, “আমরা একটি নতুন বাংলাদেশের অপেক্ষায় আছি। নতুন বাংলাদেশ মানে ভূগোল বদলাবে না, বদলাবে আমাদের চরিত্র ও দৃষ্টিভঙ্গি।” তিনি অভিযোগ করেন, গত ৫৪ বছরে দেশের শাসনব্যবস্থায় অধিকাংশ সময় জনগণের ওপর জুলুম করা হয়েছে এবং ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়া হয়েছে, যা তারা আর চান না।

জামায়াতের আমির বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও অপরাধমুক্ত শান্তিপূর্ণ সমাজ গড়তে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং সর্বক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবর্তনের সরকার গঠনের কথা জানান তিনি।

তিনি আরও বলেন, জামায়াতের এই নির্বাচনী লড়াই কোনো দল, ব্যক্তি বা পরিবারের জন্য নয়; এটি ১৮ কোটি মানুষের কল্যাণের জন্য। নির্বাচনে তারা জামায়াতের একক বিজয় চান না, বরং জনগণের সামগ্রিক বিজয় চান। এ জন্য তিনি দেশবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

প্রথম ধাপে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে পুরোনো ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটানোর আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, এরপর জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম শক্তির হাতেই রাষ্ট্রের দায়িত্ব তুলে দিতে হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!