ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুহাম্মাদ রেজাউল করীম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় চরমোনাই পীরের বাসায় প্রবেশ করেন তিনি।
এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায়ও সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। এ সময় তারা বিএনপি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের আগে রাজনৈতিক সৌজন্যের অংশ হিসেবেই এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের আরও তিনটি আসন মিলিয়ে বিএনপি জোটের মোট আসনসংখ্যা দাঁড়ায় ২১২।
আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্য শপথ নেবেন। সংসদ সদস্যদের শপথের পর বিকেলে নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়