পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালের পথে শফিকুল ইসলাম খান মারা গেছেন। কারা সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে বিকাল ৫টার দিকে বরিশালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
শফিকুল ইসলাম খানের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই জাহিদুল ইসলাম।
সূত্র জানায়, গত বছরের ১১ আগস্ট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খানকে (৩৮) অপারেশন ডেভিল হান্টের আওতায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল। ওই মামলায় জামিনের পর তাকে ফের পটুয়াখালী সদর থানার দুটি মামলায় গ্রেফতার দেখানো হয় এবং তখন থেকেই কারাগারে ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, কারাগারে থাকার সময় এর আগেও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। পটুয়াখালী জেলা কারাগারের জেল মো. আব্দুর রব মিয়া বলেন, অসুস্থতা অনুভব করলে হাজতিকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে বরিশালে নেওয়ার পথে তিনি মারা যান। পরবর্তী প্রক্রিয়া বরিশাল কারা কর্তৃপক্ষ সম্পন্ন করবে।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানিয়েছেন, বরিশাল হাসপাতালের চিকিৎসকরা তাকে জীবিত পাননি এবং পথিমধ্যে মৃত্যু হয়। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়