হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় এক মাস পরও গাজায় মৃত্যুর সংখ্যা থামছে না। ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের পাশাপাশি ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় প্রতিদিনই বেড়ে চলেছে হতাহতের সংখ্যা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৬৯ জনে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ধ্বংসস্তূপ থেকে নতুন মরদেহ উদ্ধার ও শনাক্ত হওয়ায় নিহতের সংখ্যা আরও বেড়েছে।
মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবারও নতুন করে হত্যার খবর পাওয়া গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা উত্তর গাজায় এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে, যিনি কথিত ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে তাদের অবস্থানের কাছাকাছি চলে গিয়েছিলেন। এই ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখা হচ্ছে এমন একটি নির্ধারিত সীমারেখা, যেখানে পর্যন্ত ইসরায়েলি বাহিনীর পিছু হটার কথা ছিল — যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী।
সেনাবাহিনী আরও জানায়, দক্ষিণ গাজাতেও তারা আরেকজন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যিনি সীমারেখা অতিক্রম করেছিলেন এবং সেনাদের ভাষ্যমতে ‘তাৎক্ষণিক হুমকি’ সৃষ্টি করেছিলেন।
স্থানীয় সূত্রগুলো বলছে, ইসরায়েলি বাহিনী প্রায়ই ওই সীমারেখার কাছাকাছি গেলে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে, এমনকি পরিবারসহ সাধারণ মানুষও এতে আক্রান্ত হচ্ছেন।
সোর্স: এপি নিউজ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়