দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পৌর সদরে অবস্থিত ব্রিটিশ আমলের ঐতিহাসিক ডাকবাংলোটি দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়েছে। উপজেলা সদর থেকে থানা ভবনের উত্তর পাশে অবস্থিত চুন-শুরকির গাঁথুনি ও ছাদ ঢালাইয়ে নির্মিত নান্দনিক এই স্থাপনাটি একসময় প্রশাসনিক কর্মকাণ্ড ও অতিথি আপ্যায়নে মুখর ছিল।
স্থানীয়দের অভিযোগ, বর্তমানে ভবনটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। ছাদ ও টিনের চালা দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ে, দরজা-জানালা নড়বড়ে বা ভাঙা, ভেতরের আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। দেয়ালের ইট খসে পড়ছে, ছাদে জন্মেছে আগাছা। বাউন্ডারি প্রাচীরের ইট চুরি হয়ে এলাকা উন্মুক্ত হয়ে আছে। নেই কোনো পাহারাদার বা নিরাপত্তা ব্যবস্থা।
বয়োজ্যেষ্ঠদের মতে, ব্রিটিশ শাসনামলে নির্মিত এই ডাকবাংলোটি উপজেলার অন্যতম ঐতিহাসিক স্থাপনা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এটি ক্যাম্প হিসেবে ব্যবহার করেছিল। থানা থেকে মাত্র ১০০ গজ দূরত্বে থাকা সত্ত্বেও ভবনটির বিভিন্ন সামগ্রী—গ্যারেজের টিনের ছাউনি, পুরোনো গাছপালা, চেয়ার-টেবিল ও খাট—লুটপাটের শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, ঐতিহ্যবাহী এই স্থাপনাটি দ্রুত সংস্কার করে সরকারি ব্যবস্থাপনায় কমিউনিটি সেন্টার বা পর্যটন পার্ক হিসেবে গড়ে তোলা যেতে পারে। এতে ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণের পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়বে।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা সহকারী ভূমি কমিশনার আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, ডাকবাংলোটি সংস্কার ও পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়