1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

ঢাকা–করাচি সরাসরি ফ্লাইটের অনুমতি পেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার (২ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম সামা নিউজ এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি এ সিদ্ধান্তকে আঞ্চলিক বিমান চলাচলে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে জানায়, নতুন বছরে পাকিস্তান ও বাংলাদেশের আকাশ সংযোগে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। প্রাথমিকভাবে ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত এই ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। এই উষ্ণ সম্পর্কের প্রেক্ষাপটেই পুনরায় সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত এসেছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে দুই দেশের যাত্রীদের দুবাই বা দোহা হয়ে যাতায়াত করতে হয়।

সূত্র জানায়, ফেডারেল সরকারের ছাড়পত্র পাওয়ার পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাকে এই অনুমোদন দেয়। সিএএর মহাপরিচালক আনুষ্ঠানিকভাবে অনুমতিপত্র জারি করেন। এতে ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনার পাশাপাশি অনুমোদিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতিও অন্তর্ভুক্ত রয়েছে।

সিএএ সূত্র আরও জানায়, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত আকাশপথ অনুসরণ করতে হবে। এছাড়া ঢাকা থেকে উড্ডয়নের আগে প্রতিটি ফ্লাইটের পূর্ণাঙ্গ বিবরণ করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানাতে হবে। সূত্রের দাবি, চলতি মাসের শেষ দিকেই ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট শুরু হতে পারে।

এর আগে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে। ফরেন সার্ভিসেস একাডেমিতে দেওয়া বক্তব্যের ফাঁকে দ্য নিউজকে তিনি বলেন, এই উদ্যোগের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!