দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী ড. এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম।
সোমবার (২ জানুয়ারি) নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে বিএনপি মনোনীত এ প্রার্থীর প্রার্থিতা স্থগিত করার আবেদন করা হয়েছে। নাহিদ ইসলামের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী। অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, “এ সপ্তাহেই হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি হবে।”
এর আগে, ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত ড. এমএ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।
ড. এমএ কাইয়ুমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ ও সেখানে সম্পত্তি থাকার অভিযোগ ছড়ানো হলেও তিনি তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে উল্লেখ করেছেন। গত ১৯ জানুয়ারি এক বিবৃতিতে তিনি বলেন, “ভানুয়াতুতে আমি কখনো যাইনি, সেখানে কোনো বাড়ি বা বিনিয়োগ নেই এবং অন্য কোনো দেশের দ্বৈত নাগরিক হওয়ার আকাঙ্ক্ষাও আমার কখনো ছিল না।”