আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে ৫ দিনের ছুটি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
রোববার (৮ মার্চ) সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। তারা বলেন, এবারের ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন। কিন্তু সংবাদপত্রে সাধারণত মাত্র তিন দিনের ছুটি দেওয়া হয়, যা বৈষম্যমূলক।
নেতারা আরও জানান, ঈদের সময় সাধারণত কোনো হকার পত্রিকা বিক্রি করেন না। তাই বাস্তবতা বিবেচনায় ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র ৫ দিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানানো হয়েছে।
ডিআরইউ জানায়, গত ঈদুল আজহা উপলক্ষে তাদের দাবির প্রেক্ষিতে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদুল ফিতর আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়