আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে আয়োজিত অনুষ্ঠানে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে এ ইশতেহার ঘোষণা করা হয়।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদসহ শীর্ষ নেতারা। এ ছাড়া বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
ইশতেহারে রাষ্ট্র সংস্কার, মানবাধিকার, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী ও তরুণদের ক্ষমতায়ন, প্রবাসী কল্যাণ, পরিবেশ সুরক্ষা ও পররাষ্ট্রনীতিসহ বিভিন্ন খাতে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়।
ইশতেহারের গুরুত্বপূর্ণ দফাগুলোর মধ্যে রয়েছে—
জুলাই সনদের বাস্তবায়নে স্বাধীন কমিশন গঠন, জুলাই ও শাপলা গণহত্যাসহ সব মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত, স্বাধীন মানবাধিকার কমিশনের বিশেষ সেল গঠন, জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশ, পারফরম্যান্সভিত্তিক পদোন্নতি ব্যবস্থা, এনআইডিকে একক সেবা কার্ড হিসেবে ব্যবহার এবং ঘণ্টায় ১০০ টাকা জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ।
এ ছাড়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, এক কোটি কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থা সংস্কার, স্বাস্থ্যবিমা চালু, নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো, প্রবাসীদের জন্য ওয়ান-স্টপ ডিজিটাল সেবা, পরিবেশবান্ধব শিল্পায়ন, কৃষকের জন্য সরাসরি ভর্তুকি, সীমান্ত হত্যা ও আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কূটনৈতিক তৎপরতা জোরদারের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
এনসিপি নেতারা বলেন, এই ইশতেহার তরুণ সমাজের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্র গঠনের রূপরেখা হিসেবে কাজ করবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়