বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত সরকারের আমলে মানুষ জীবন দিয়েছে, নির্যাতিত ও অত্যাচারিত হয়েছে। তাদের এই ত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না। তিনি বলেন, এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাইয়ের জন্য নয়, বরং দেশ পুনর্গঠনের নির্বাচন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারেনি এবং কথা বলার স্বাধীনতাও ছিল না। একইসঙ্গে মানুষ তাদের অর্থনৈতিক অধিকার থেকেও অনেকটা পিছিয়ে পড়েছে।
তিনি আরও বলেন, যুব ও তরুণদের জন্য প্রত্যাশিতভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হয়নি। দেশের মা-বোনদের যথাযথ মূল্যায়ন হয়নি এবং কৃষকদের অর্থনৈতিকভাবে যে সহযোগিতা দেওয়ার কথা ছিল, তা বাস্তবায়ন করা হয়নি।