বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে ফেনী অঞ্চলে একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল) স্থাপন এবং একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) ফেনী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘ফেনী আমার নানাবাড়ির এলাকা। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। বিএনপি সরকার গঠন করলে ফেনীতে ইপিজেড স্থাপন করা হবে, যাতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি এখানে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করা হবে।’
তিনি আরও বলেন, ‘নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলের মানুষের যেমন বিএনপির কাছে দাবি আছে, তেমনি বিএনপিরও আপনাদের কাছে দাবি আছে—ধানের শীষকে বিজয়ী করা।’
গত ১৫ বছরে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পালিয়েছে। এখন দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে।’
জনগণই রাষ্ট্রক্ষমতার উৎস—এ কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে সময় নষ্ট না করে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দিতে হবে।
নারী ও কৃষকদের জন্য নতুন উদ্যোগের ঘোষণাও দেন বিএনপি চেয়ারম্যান। তিনি জানান, নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে। তার ভাষায়, ‘ফ্যামিলি কার্ড পুরো মাসের জন্য যথেষ্ট না হলেও অন্তত এক সপ্তাহের অভাব দূর করতে সহায়তা করবে।’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে সারাদেশে উন্নত হেলথকেয়ার ব্যবস্থা গড়ে তোলার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি দুর্নীতি দমন ও পাচার হওয়া অর্থ ফেরত আনতে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।
ফেনীকে দেশনেত্রী খালেদা জিয়ার এলাকা হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, এই অঞ্চলের মানুষের দায়িত্ব অন্য এলাকার তুলনায় বেশি।
ভোটের অধিকার রক্ষায় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোটের দিন তাহাজ্জুদের সময় উঠে ভোটকেন্দ্রে যাবেন, জামাতে নামাজ আদায় করবেন এবং নিজের ভোট দিয়ে নিশ্চিত হয়েই ঘরে ফিরবেন—যাতে কোনো ষড়যন্ত্র আপনাদের অধিকার কেড়ে নিতে না পারে।’
তিনি আরও বলেন, ‘ধানের শীষ যতবার সুযোগ পেয়েছে, ততবারই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এবার সরকার গঠন করতে পারলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো পুনরায় শুরু করা হবে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়