অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘ ১৮ মাস দায়িত্ব পালন শেষে নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে নিজের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শেষ মুহূর্তের সময় কাটিয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে এক আবেগঘন বিদায়ী ভাষণ দেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ড. ইউনূস গত দেড় বছর নিরলসভাবে দায়িত্ব পালনে সহযোগিতার জন্য কার্যালয়ের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভাষণ শেষে তিনি সেখানে কর্মরত সবার সঙ্গে একটি বিশেষ ফটোসেশনে অংশ নেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন এই বিশ্বখ্যাত অর্থনীতিবিদ। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ার পর এখন নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যরা এবং বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। এই শপথের মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকারের মেয়াদের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে এবং ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব থেকে বিদায় নেবেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২১২টি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন।








