বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার বগুড়ায় আসছেন। দীর্ঘ ১৯ বছর পর তার আগমনকে ঘিরে জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। তাকে একনজর দেখার জন্য নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
জেলা বিএনপির সূত্র জানায়, বৃহস্পতিবার রাজশাহী ও নওগাঁয় জনসভা শেষে তারেক রহমান বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। পথে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। রাত ৮টায় বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, এই সফরে তারেক রহমান দলের নির্বাচনি অঙ্গীকার ও ভবিষ্যৎ কর্মসূচি জনসমক্ষে তুলে ধরবেন। জনসভাকে কেন্দ্র করে আলতাফুন্নেছা খেলার মাঠ প্রস্তুতের কাজ চলছে এবং লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে।
জনসভা শেষে তারেক রহমান শহরতলির একটি হোটেলে রাত্রিযাপন করবেন। পরদিন ৩০ জানুয়ারি তিনি বগুড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন এবং ৩১ জানুয়ারি রংপুরের উদ্দেশে রওনা হবেন।
এদিকে তার সফর ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। জেলা ও ট্রাফিক পুলিশের একাধিক টিম কর্মসূচি চলাকালে দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।







