রাজধানীর আমতলীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল ফারুক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আমতলী এলাকার পাঁচতলা ওই ভবনের পঞ্চম তলায় কর্কশিট ও হার্ডবোর্ডের একটি গোডাউন ছিল। সন্ধ্যা ৭টা ৭ মিনিটের দিকে সেখানে হঠাৎ আগুন লাগে।
খবর পেয়ে কুর্মিটোলা ও বারিধারা ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে মোট পাঁচটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় রাত ৭টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, গোডাউনে থাকা বিপুল পরিমাণ কর্কশিট ও হার্ডবোর্ড পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।







