নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ও কক্সবাজারে টানা পাঁচটি জনসভায় অংশ নেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৯টায় কক্সবাজারের মহেশখালীর নতুন বাজার প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর সকাল ১০টায় কক্সবাজার পৌরসভার বাহারছড়া গোলচত্বর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। কক্সবাজার পর্ব শেষ করে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন।
চট্টগ্রামে সকাল ১১টায় লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা, দুপুর ২টায় সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেল পৌনে ৫টায় চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। সব কর্মসূচি শেষে রাতে আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
দলীয় সূত্র জানায়, এসব জনসভায় জামায়াতে ইসলামীর পাশাপাশি ১০ দলীয় জোটের শরিক দলগুলোর নেতারাও উপস্থিত থাকবেন। জনসভাগুলোতে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলকেন্দ্রিক রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরা হবে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হবে।
এদিকে সফরকে ঘিরে কক্সবাজার ও চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের মুক্তিযোদ্ধা মাঠে জনসভাস্থল পরিদর্শন করেন জামায়াতের কেন্দ্রীয় প্রতিনিধিদল।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শাহজাহান জানান, জনসভাগুলোতে লাখো মানুষের অংশগ্রহণ হবে বলে তারা আশাবাদী। তার ভাষায়, সাধারণ ভোটাররা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে আগ্রহী এবং জনসভাগুলো জনসমুদ্রে পরিণত হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়